কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ মনছুর আলম (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়া বাজারে অবস্থিত আব্দুর রহমান স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বাহারছড়া এলাকার জহির আহাম্মদের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার ভোরে টেকনাফ থানার পুলিশ সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়া বাজারে অবস্থিত আব্দুর রহমান স্টোরের সামনে থেকে মনছুর আলমকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
