চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১১১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
আজ বুধবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিহত শিশুর নাম মোহাম্মদ ইমরান (৯)। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম জানায়, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার এ শিশুটিকে সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এনএস ১ ভ্যারিয়েন্টে আক্রান্ত ইমরান পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হলো।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১১১ রোগী। এর মধ্যে সরকারি হাসপাতালে ৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ২৩ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫২ জনে। এদের ১৩৯৯ জন সরকারি হাসপাতালে এবং ৯৫৩ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৭৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৯ জন।
