রাঙামাটির কাপ্তাইয়ে মসজিদের মেসের ওপর গাছ পড়ে মুয়াজ্জিনসহ ২ জন আহত হয়েছে।
সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঢাকাইয়া কলোনী পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন পুরোনো একটি কড়ই গাছ আকস্মিক মসজিদ মেসের উপর ভেঙ্গে পড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উক্ত মেসের বসবাসরত মসজিদের মুয়াজ্জিন তামজিদ তামিন (২১) ও মেসে থাকা কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র হামিদ রেজা (২১)। আহত মুয়াজ্জিনকে চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। হামিদ রেজাকে স্থানীয় নতুনবাজার ঔষধ ফার্মেসিতে মাথায় ৮টি সেলাই করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইমান আলী ঘটনা নিশ্চিত করে জানান, গাছ পড়ে মসজিদের মুয়াজ্জিনসহ ২ জন আহত হয়েছে। মসজিদ ও মেসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে ভেঙ্গে পড়া গাছটি অপসারণ করেন।
