চট্টগ্রামের বোয়ালখালীতে কর্ণফুলী নদী থেকে ফুটবল বল তুলতে গিয়ে মো. মিনহাজ (১৯) নামের এক যুবক নিখোঁজ হয়েছে।
বুধবার (১৯ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ মিনহাজ পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডের মো. মাহমুদুল হকের ছেলে। সে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী মো. খোরশেদ আলম বলেন, কর্ণফুলী নদীর পূর্ব পাড়ে কালুরঘাট সেতুর নিচে ফেরিঘাটে বন্ধুদের সাথে ফুটবল খেলছিল মিনহাজ। একপর্যায়ে বলটি নদীতে পড়লে তা তুলে আনতে যায় মিনহাজ। এ সময় সে স্রোতের তোড়ে তলিয়ে যায়।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। আমাদের ডুবুরি দল আগ্রাবাদ থেকে ঘটনাস্থলে আসলেই উদ্ধার কার্যক্রম শুরু হবে।
