চট্টগ্রামেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই রোগীর মৃত্যু হয়েছে। এসময় নতুন করে ৭৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
রবিবার (১৬ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মৃত্যুবরণকারীরা হলেন- আব্দুল মান্নান (৪৫) ও মো. আলমগীর (৩০)। এদের মধ্যে আব্দুল মান্নান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এবং মো. আলমগীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে মারা যান।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে আব্দুল মান্নান চমেক হাসপাতালে গত ১৪ জুলাই ভর্তি হন। ১৫ জুলাই তিনি মারা যান। আব্দুল মান্নান পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকার বাসিন্দা। অন্যদিকে মো. আলমগীর ১৫ জুলাই ভর্তি হন বেসরকারি পার্কভিউ হাসপাতালে। তিনিও পটিয়া উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৭৪ জন ভর্তি হয়েছে। এছাড়া দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮০৭ জন।
