চট্টগ্রামের আলোচিত রেলওয়ে কর্মচারী শফিউদ্দিন আহমদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হেলাল উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জুন) নগরীর লালদীঘি পাড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হেলাল উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জুলদি গ্রামের মৃত মোফাজ্জেল আহমেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালে ১৪ জুন চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় চট্টগ্রাম রেলওয়ের উচ্চমান সহকারী শফিউদ্দিন আহমেদকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৭/৮ জনের নামে খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালতে বিচারিক প্রক্রিয়া শেষে ২০০৪ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে শিপন ও ইমন নামে দুই আসামির ফাঁসি এবং হেলাল উদ্দিন, মাজহারুল ইসলামসহ সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড রায় দেন। রায়ের সময় আসামি হেলাল উদ্দিন হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক থাকেন।
