চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী আল্লাহর কসম (শপথ) করে বলেছেন, আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় না এসে যদি বিএনপি- জামায়াত ক্ষমতায় আরোহন করে তাহলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে, এটি আমি আল্লাহর কসম (শপথ) করে বলছি।
তিনি আজ (শনিবার) দুপুরে সাতকানিয়ার ছদাহা কেফায়েত উল্লাহ-কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এম.পি নদভী আরও বলেন, দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করে শেখ হাসিনা সমালোচকদের মুখে চুন-কালি দিয়েছেন এবং বিশ্বের কাছে বাংলাদেশকে অনন্য উচ্চতায় আসীন করে নজির সৃষ্টি করেছেন।
দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের পরও যারা আওয়ামী লীগকে টেনে ক্ষমতা থেকে নামিয়ে ফেলতে চান, তাদের সেই দিবা স্বপ্ন কোন দিন সফল হবে না। কারণ জনগণ আওয়ামীলীগের সাথে রয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ ইসহাক এর সভাপতিত্বে ও ছদাহা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন আবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী, শিক্ষা অধিদপ্তরের প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, ছদাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোরশেদুর রহমান, সাবেক চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নব নির্মিত ভবনের ফলক উন্মোচন করেন।
