চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদে তাওসিফ আমিন দোভাষ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৩০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় মো. সোলায়মান নামে এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ মে) দুপুরে সীতাকুণ্ড থানাধীন ছোট দারোগাহাট বাজার এলাকায় একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোলায়ান নোয়াখালীর কবিরহাট থানার মো. আব্দুল মোনাফের ছেলে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, গতকাল সোমবার দুপুরে ব্যবসায়ী তাওসিফ আমিন দোভাষ প্রতিষ্ঠানের ৩০ লাখ ৬৮ হাজার ৫’শ টাকা ব্যংকে জমা দেয়ার জন্য আগ্রাবাদ এলাকায় আসে। গাড়িতে তার সাথে তার অফিসের স্টাফ আবু হাবিব ডালিম ও মো. সোলায়মান ছিল। গাড়িটি ফারুক চেম্বারের সামনে পার্কিং করেন দোভাষ। এ সময় কৌশলে সোলায়মান টাকাগুলো নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, পরে তাওসিফ আমিন দোভাষ বিষয়টি ডবলমুরিং থানাকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে দুই ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডের ছোট দারোগাহাট বাজার এলাকায় একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯ লাখ ২৫ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়।
