চট্টগ্রামের পটিয়ায় পুলিশের অভিযানে তিন জুয়াড়িকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) মধ্যরাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, সুচক্রদন্ডী গ্রামের নাজমুল হাসানের পুত্র মোঃ আরিফ(৩৭), বোয়ালখালীর সাতগড়িয়া পাড়ার আলতাজ মিয়ার পুত্র মোঃ মোরশেদ (৩৩), পটিয়া পৌরসভা ৭নং ওয়ার্ডের মোঃ সেলিমের পুত্র মোঃ সোহেল(২৮)। এরা সকলেই পটিয়ায় ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিলেন।
পটিয়া থানার পুলিশের উপ পরিদর্শক মোঃ জলিল জানান, পৌরসভার ৭নং ওয়ার্ড বাহুলী বেরাইজ্জা কলোনীর শফি সওদাগরের রিক্সা গ্যারেজে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের থেকে ৫২ টি প্লেয়িং কার্ড (তাস), নগদ-৭০০ টাকা, ০১টি অ্যানড্রয়েড সহ ২টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার তিনজন আটকের বিষয়টি জানিয়ে বলেন, পটিয়াতে মাদক, জুয়া, চুরির বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান থাকবে। ইতিমধ্যে বিশেষ অভিযানের মাধ্যমে ২২টি মোটরসাইকেল আটক করে মামলা দেয়া হয়েছে। সামনে আরো অভিযান পরিচালনা করা হবে। এতে করে কিশোর গ্যাং সহ অন্যান্য অপরাধীরা সহজেই আইনের আওতায় আসবে।
