প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘মোখা’। সর্বশেষ ৬ ঘণ্টায় ৫০ কিলোমিটার এগিয়েছে ঘূর্ণিঝড়টি। এটি ধীরে এগোলেও বেড়েছে বাতাসের গতি।
ঘূর্ণিঝড় মোখা’র ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা’র কারণে সেন্টমার্টিন দ্বীপের উপর দিয়ে ঘণ্টা ১২০ থেকে ১৫০ কিলোমিটারের বাতাস বয়ে যাওয়ার ও ১০ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই দ্বীপের সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানের মালামাল দোকানে রাখলে সম্পূর্ণ রূপে নষ্ট হওয়ার প্রবল সম্ভাষা রয়েছে।
একই ভাবে কুতুবদিয়া, মহেশখালী দ্বীপের উপর দিয়ে ১০০ থেকে ১৩০ কিলোমিটারের বাতাস বয়ে যাওয়ার ও ১০ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগের বাতাসের কারণে শরণার্থী শিবিরগুলোর ঘরের ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্ভাবনা রয়েছে। কক্সবাজার জেলার উপর ২০০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।ফলে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে ব্যাপক বন্যা ও ভূমিধ্বসের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
