পর্যটন নগরী রাঙ্গামাটি শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে দখলে থাকা ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাঙ্গামাটি পৌরসভা।
রোববার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের হ্যাপির মোড় থেকে বনরুপা বাজার পর্যন্ত প্রথম পর্যায়ে এ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে শহরের রাস্তার দুপাশে থাকা অবৈধভাবে দখলকৃত বিভিন্ন মালামাল, সাইনবোর্ড, ঠেলাগাড়িসহ অন্যান্য জিনিসপত্র জব্দ করে নিয়ে যায় পৌর কতৃপক্ষ। ফুটপাতে মালামাল না রাখার জন্য দোকানদার ও ব্যবসায়ীদের সর্তক করা হয়। এছাড়া শহরের যেখানে-সেখানে রাস্তায় এবং ফুটপাতে পার্কিং করে রাখা মোটরসাইকেল ও সিএনজি নির্দিষ্ট স্থানে পার্কিং করতে বলা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা প্রশাসনের এনডিসি ও পৌরসভা মূখ্য নির্বাহী কর্মকর্তা মো: এনামুল হাসান, পৌর কাউন্সিলর মো: জামাল উদ্দিন, পুলিশের ট্রাফিক সার্জেন্ট মো: ইব্রাহিম প্রমূখ।
এসময় পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, দুর্গন্ধমুক্ত পর্যটন নগরী এবং যানজটমুক্ত রাঙ্গামাটি শহর বিনির্মাণে লক্ষ্যে আমাদের এই উচ্ছেদ অভিযান। অনেক আগে আমরা প্রচার-প্রচারণা করে অবগত করেছিলাম। রাস্তার দুপাশে জনগণ এবং যান চলাচলের ক্ষেত্রে যেন বাঁধাগ্রস্ত না হয়। তারই অংশ হিসেবে ফুটপাতগুলোতে ভাসমান দোকান ও অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
মেয়র আরও বলেন, প্রাথমিকভাবে কাউকে অর্থদন্ড দেওয়া হয়নি। সবাইকে সর্তক করে দেয়া হয়েছে। তবে পরবর্তীতে এই ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জনদুর্ভোগ লাঘবে ও পরিস্কার-পরিছন্ন রাখতে এ ধরণের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
