চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন আমতল এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে আমতল সিডিএ মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজারের কুতুবদিয়া থানার দক্ষিণ ধুরুম শাহরুম সিকদার পাড়া গ্রামের মো. সিরাজুল মোস্তফার ছেলে মো. আব্দুল কাদের ওরফে করিম (২৫) ও সদর থানার পূর্ব নতুন বাহারছড়া গ্রামের খায়ের আহমদের ছেলে শেখ মোহাম্মদ (৩৭)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমতল সিডিএ মার্কেটের সামনে থেকে দুই ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মূলত গ্রেপ্তার দুজন ইয়াবা কারবারি। কক্সবাজার থেকে পাইকারিতে ইয়াবা কিনে চট্টগ্রামে বেশি দামে বিক্রির জন্য এনেছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
