চট্টগ্রামের কর্ণফুলীতে গাঁজা বিক্রির অভিযোগে মুনজুরা (৪৬) নামে এক নারীকে গ্রেফতার করেছে র্যাব-৭। এ সময় তার ঘর থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। বুধবার (৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার (২ মে) উপজেলার দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মুনজুরা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের মো. আজিজের স্ত্রী।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, একটি বাড়িতে গাঁজা রেখে বেশ কিছু দিন ধরে ক্রয়-বিক্রয় করছেন ওই নারী। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি টিম গতকাল (২ মে) ওই বাড়িতে অভিযান চালায়।
এতে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক মহিলা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির বেড রুমের খাটের নিচ থেকে ৩ বস্তা গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ৩০ কেজি।
তিনি আরও জানান, ফেনী জেলার সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে তার বাড়িতে রাখে।
পরবর্তীতে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে তা সরবরাহ করে। উদ্ধার করা এ মাদকদ্রব্যের আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে কর্ণফুলী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র্যাব।
