নরসিংদীর রায়পুরায় স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ মে) সকালে উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মরজাল এলাকার মো. মারুফ মিয়ার স্ত্রী টুম্পা বেগম ও মেয়ে নিশি (৬)।
হাইওয়ে পুলিশ জানায়, টুম্পা বেগম প্রতিদিনের ন্যায় সকালে মেয়ে নিশিকে হলি ফ্লাওয়ার স্কুলে দেয়ার জন্য যাচ্ছিলেন। তিনি মরজাল বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়ক পারাপার হওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের বাস তাদের চাপা দেয়। এতে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিশি মারা যান।
পরে টুম্পাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিক্যার কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করে। কিন্তু হাসপাতালে নেয়ার পথে টুম্পা বেগম মারা যান।
ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বাসের চাপায় ঘটনাস্থলেই একজন মারা গেছে। আর একজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যাওয়ার খবর পেয়েছি। ঘাতক বাসকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
