‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’- এ স্লোগানকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার) বিকালে সাতকানিয়া আদালত প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সাতকানিয়া চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ দেলোয়ার হোসেন ।
আমন্ত্রিত অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। উদ্বোধক ছিলেন, সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি ও অতিরিক্ত সরকারি কৌশুলী এড. সুনীল কুমার বড়ুয়া।
সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মেসবাহ উদ্দিন আহমদ চৌধুরী (কচির) এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো.ইব্রাহিম খলিল, সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিক, সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, লোহাগাড়া মোস্তাফিজুর রহমান কলেজ এর অধ্যক্ষ ফজলুল হক, সাতকানিয়া ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত ও আতিকুর রহমান, বড়হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া,এড.আবদুর রকিব চৌধুরী ও কাউন্সিলর একেএম মোর্শেদ।
আলোচনা সভার আগে সাতকানিয়া- লোহাগাড়ার উপস্থিত বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, অতিথি, আইনজীবী, বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউট সদস্য এবং সাধারণ বিচারপ্রার্থীরা র্যালিতে অংশ নেন। র্যালিটি আদালত প্রাঙ্গন থেকে শুরু হয়ে পৌরসভা সদর সড়ক প্রদক্ষিণ শেষে আদালতে এসে শেষ হয়। পরে আদালত অভ্যন্তরে লিগ্যাল এইড কর্ণার উদ্বোধন করা হয়।
আলোচনা সভার মাঝে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আমন্ত্রিত অতিথি ও উপজেলা চেয়ারম্যান এম.এ মোতালেব বলেন, বিনামূল্যে আইনি সহায়তা আওয়ামীলীগের একটি যুগান্তকারী উদ্যোগ। এ জন্য জননেত্রী শেখ হাসিনা গরীব ও অসহায় লোক যাতে অর্থের কারণে সঠিক বিচার পাওয়া থেকে বঞ্চিত না হয় সেজন্য সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন আওয়ামী সরকার। এজন্য দেশের প্রতিটি আদালত প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে লিগ্যাল এইড কর্ণার। এজন্য আগামী সংসদ নির্বাচনে এরকম বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার জন্য নৌকার প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
সভার সভাপতি ও সাতকানিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ২০০০ সালে আওয়ামীলীগ সরকার গরীব, আর্থিকভাবে অসচ্চল, অসহায় ও প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যে আইনি সেবা প্রদানের জন্য সংসদে এ আইনটি পাশ করেন। এরই অংশ হিসেবে ২০২২ সালে সাতকানিয়া আদালতে লিগ্যাল এইড এর মাধ্যমে ১৬ টি মামলা হয়। ইতোমধ্যে আটটি মামলার রায় হয়েছে । আরও আটটি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
বিচারক দেলোয়ার হোসেন আরও বলেন, বিনামূল্যে এ সেবা পাওয়ার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও এলাকার সচেতন মানুষকে এ বিষয়ে প্রচার-প্রচারণা চালানোর জন্য ভূমিকা রাখতে হবে। যা অসহায় বিচারপ্রার্থীদের আশার বাতিঘরে পরিণত হবে। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও এবং সামাজিক প্রতিষ্ঠানও এতে কার্যকরী ভূমিকা রাখতে পারবে।
