রাউজানে মায়ের সঙ্গে এনজিও কর্মীদের অশোভন আচরণ সইতে না পেরে মোবাইল অপারেটর টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করেছে মোফাচ্ছেল (২০) নামে তরুন।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মায়ের সঙ্গে এনজিও কর্মীদের অশোভন আচরণ সইতে না পেরে মোবাইল অপারেটর টাওয়ারে উঠে আত্মহত্যার পরিকল্পনায় মোবাইল টাওয়ারে উঠেন ওই এলাকার হাসমত আলী সিকদার বাড়ির এজাহার মিয়া ছেলে। । আতঙ্ক নিয়ে নিচ থেকে তা দেখছে মানুষ। ততক্ষণে উপস্থিত হন রাউজান পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশগুপ্ত ও রাউজান পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক। তারা পুলিশ ও রাউজান ফায়ার সার্ভিসে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের উপস্থিতিতে নেমে আসেন মোফাচ্ছেল। নেমে আসার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়লে ফায়ার সার্ভিসের গাড়িতে করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাকে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেলে এক যুবককে মোবাইল অপারেটর কোম্পানির উঁচু টাওয়ারে উঠতে দেখা যায়। সবাই তাকে নেমে আসার অনুরোধ করলেও তিনি সাড়া দেননি। পরে প্যানেল মেয়র, পুলিশ ও সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এসে কৌশলে তাকে নামিয়ে আনতে সক্ষম হন।
রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এক যুবক মোবাইল টাওয়ারে উঠার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যান। পরে বুঝিয়ে কৌশলে তাকে নামিয়ে আনলে অজ্ঞান হয়ে পড়েন। পুলিশের সহযোগিতায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়৷
