ব্রাইটনকে টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়ে ইংলিশ এফএ কাপের ফাইনালে ম্যানসিটির প্রতিপক্ষ হয়েছে ম্যানইউ। প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথম ‘ডার্বি ফাইনালে’ মুখোমুখি ম্যানচেস্টারের দুই ক্লাব।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় মাঠে গড়ায় আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি। বল দখলে ম্যানইউ আধিপত্য নিলেও পাল্টা আক্রমণে ব্রাইটন লড়াই জমিয়ে তোলে। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটেও ম্যাচের ‘ডেডলক’ ভাঙ্গতে পারেনি কেউ। ভাগ্য গড়ায় টাইব্রেকারে।
সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত পাঁচ শটে দুই দলই জাল খুঁজে নিলে শুরু হয় ‘সাডেন ডেথের’ পালা। ষষ্ঠ শটে গোল পায় দুই দল। সপ্তম শটে ব্রাইটনের সলি মার্চ ক্রসবারের ওপর দিয়ে বল মারলে ম্যানইউর ভিক্টর লেন্ডেলফ জালের দেখা পান। জয়ের উচ্ছ্বাসে মাতে দ্বিতীয় সর্বাধিক ১২বারের কাপজয়ীরা। সবশেষ ২০১৫-১৬ মৌসুমে এই ট্রফি জিতেছিলো ম্যানইউ।
