নগরীর নন্দনকানন পুলিশ প্লাজা মার্কেটের একটি দোকান থেকে চুরি হওয়া একটি চোরাই ল্যাপটপ ও ১টি মোবাইলসহ দুইজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন – সোনাপুর জেলার মো. বক্তারের ছেলে মো. আরিফ এবং লোহাগড়া উপজেলার নুরুল কবিরের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪০)। তারা দু’জনেই চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় বসবাস করত।
মঙ্গলবার (১৮ এপ্রিল) মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুকান্ত চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৮ এপ্রিল বিকেলে নগরীর নন্দনকানন পুলিশ প্লাজা মার্কেটের ৫ম তলার একটি দোকান থেকে দুইটি মোবাইল ও একটি ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ৮ এপ্রিল নগরীর কোতোয়ালি থানায় একটি চুরির মামলা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় গতরাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে লালদিঘি পুরাতন গীর্জার গলি থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ ও ১টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
