রাজধানীর নিউ মার্কেটের ভয়াবহ আগুন ও ধোঁয়ায় অসুস্থ হওয়া ১১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের আটজন কর্মীও রয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস আহতরা হলেন। তাৎক্ষণিকভাবে চারজনের নাম জানা গেছে। আহত ফায়ার সার্ভিস কর্মীরা হলেন, মো. রাসেল (২২), শান্ত (২৪), মো. তৌফিক (২৩) ও মো. রিফাত (২৩)।
এর মধ্যে তিনজন ফায়ার সার্ভিস কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজন ভলান্টিয়ার। শনিবার (১৫ এপ্রিল) সকাল ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটের তিন তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সেনা, নৌ ও বিমানবাহিনী। এ ছাড়া র্যাব ও বিজিবি সদস্যরাও আগুন নেভাতে কাজ করছে।
নিউ সুপার মার্কেটের এক ব্যবসায়ী বলেন, ‘শুক্রবার খুব ভালো বিক্রি হয়েছে। রাত প্রায় আড়াইটা পর্যন্ত মার্কেটেই ছিলাম। সাহরি খেয়ে মাত্র শুয়ে ছিলাম। খবর পেয়ে এসে দেখি সব শেষ হয়ে গেছে।’ ব্যবসায়ীরা বলছেন, ভোরে যখন আগুন লাগে, তখন বাসায় ক্লান্ত শরীর নিয়ে ঘুমের ঘোরে তারা।
কারণ ঈদের আগ মুহূর্তে গভীর রাত পর্যন্ত মার্কেটে তারা বেচাকেনা করে ভোররাতের দিকে বাসায় ফিরেছেন। বাসার ফেরার পর পরই আগুন লাগাকে রহস্যজনক বলছেন ব্যবসায়ীরা। রকিব নামের আরেক ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলেন, ‘রাত ৩টা পর্যন্ত দোকানদারি করেছি। আমার সব টাকা দোকানের ক্যাশে ছিল। সব মালও গেল, টাকাও পুড়ে ছাই হয়ে গেল।’
