চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাস-সিএনজি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার রায়খালী এরিনা কমপোজিট অ্যান্ড স্পিনিং ইন্ড্রাস্টি লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বোয়ালখালী উপজেলার মীরপাড়ার জালাল আহমদের ছেলে মো. সেলিম (৪৫), মিরসরাইয়ের জোরারগঞ্জের মো. আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫), পটিয়া খরনখাইন ৩নং ওয়ার্ডের বৈদ্য বাড়ির বলরাম দে’র ছেলে বাবুল দে (৬০), একই উপজেলার নুরুল ইসলামের ছেলে মো. করিম (৫৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালখালীর হাওলা দরবার শরীফ থেকে একটি বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রাজ্জাক জানান, যাত্রীবাহী বাসটি শহরের দিকে যাচ্ছিল। পথে চট্টগ্রাম- বোয়ালখালী আঞ্চলিক সড়কে রায়খালী এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশাকে ওই বাসটি চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ৫ যাত্রী নিহত হন।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে বাসটির চালক জাকির হোসেনকে (৩০) আটক করা হয়েছে। তিনি নেত্রকোনার মদন উপজেলার আব্দুল হাশেমের ছেলে।
