নগরের কোতোয়ালী থানার ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুইজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার বাঘঘোনা বাজার বাহার ছড়া এলাকার মো. ফরিদ মিয়া (২২) ও মোহাম্মদ আব্দুল্লাহ (২০)।
মঙ্গলবার (১১ এপ্রিল) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, আদালত আসামি দুইজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আসামিরা জামিনে গিয়ে পলাতক।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১ সেপ্টেম্বর নগরের কোতোয়ালী থানার সিনেমা প্যালেস মোড় থেকে মো. ফরিদ মিয়া ও মোহাম্মদ আব্দুল্লাহকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর-উপ অঞ্চল পাঁচলাইশ সার্কেল।
এ সময় মো. ফরিদ মিয়ার কাছ থেকে ২ হাজার ৮৫০ পিস ও মোহাম্মদ আব্দুল্লাহ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর-উপ অঞ্চল পাঁচলাইশ সার্কেলের পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন।
কোতোয়ালী থানায় করা মামলায় তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়।
