তাদের পেশা গরু চুরি। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কোথায় গরু আছে সেই খবর নেয় তারা। সুযোগ বুঝে রাতের বেলা পিকআপ অথবা হাইসে করে গরু চুরি করে নিয়ে যায়। সব সময় যে রাতের বেলা চুরি করে এমন নয়, গরুর বাছুর অথবা ছোট গরু পেলে দিনের বেলাতেই ট্যাক্সিতে করে নিয়ে যায়।
পটিয়া পাইরোল এলাকা থেকে এমনই একটি গরু ট্যাক্সিতে করে চুরি করে নিয়ে যাওয়ার সময় কর্ণফুলি থানা পুলিশের হাতে ধরা পড়ে চোর চক্রের চার সদস্য। পরে পটিয়া থানার পুলিশের হাতে সোপর্দ করা হয় তাদের।
আটকৃতরা হলো চরপাথরঘাটা ৩নং ওয়ার্ডের মৃত আমিরুল হকের পুত্র মোঃ ফারুক(৩৩), ২নং ওয়ার্ডের নাসির আহমদের পুত্র জুয়েল আহমদ(২২), মোঃ নূর আলমের পুত্র মোঃ আরমান(২৫), ভোলা জেলার মনপুরা থানার কামাল মাঝির পুত্র মোঃ সুমন (২০)। এরা সকলেই কর্ণফুলী উপজেলায় বসবাসের পাশাপাশি সেখান থেকেই চুরি করা গরু নির্দিষ্ট কিছু গ্রাহককে সাপ্লাই করতো।
পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান, “আটককৃত চারজনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গরু চুরির সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে তারা। রিমান্ডে আনলে পটিয়া সহ আশেপাশে বিভিন্ন অঞ্চলে গরু চুরির ব্যাপারে তাদের থেকে তথ্য পাওয়ার সম্ভাবনা আছে।”
