সাতকানিয়ায় সাঙ্গু নদীতে বালুবাহী নৌকা ডুবির পর সাঁতার দিয়ে তীরে উঠতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের সাড়ে ১৬ ঘণ্টা পর আব্দুল হামিদ (১৭) নামে এক বালু শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার আমিলাইষ ইউনিয়নের সাঙ্গু নদীর চরাঞ্চল সংলগ্ন ডুবে যাওয়ার কাছাকাছি স্থান থেকে ওই শ্রমিকের মরদেহটি উদ্ধার করা হয়। হামিদ উপজেলার চরতি ইউনিয়নের সাত নং ওয়ার্ড খইন্নার বাড়ি এলাকার জাগির হোসেনের ছেলে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে সাতকানিয়া ফায়ার সার্ভিসের আটজন ও চট্টগ্রাম আগ্রাবাদের পাঁচজনসহ মোট ১৩ জন ডুবুরির একটি দল যৌথভাবে বালু শ্রমিককে উদ্ধারের জন্য সাঙ্গু নদীতে অভিযান শুরু করে। দীর্ঘ দেড় ঘণ্টা অভিযান চালিয়ে সকাল সাড়ে সাতটার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১০ ফুট দূরে গিয়ে নদীর তলদেশ থেকে ওই বালু শ্রমিকের মরদেহটি উদ্ধার করে নদীর তীরে উঠানো হয়।
হুমায়ুন কার্ণায়েন আরও বলেন, গত বুধবার বিকালে এক ব্যক্তি সাঙ্গু নদীতে ডুবে নিখোঁজ হওয়ার খবর শুনে ডুবুরি দলের ১৩ সদস্যের একই দল ওই শ্রমিককে উদ্ধারের জন্য অভিযান চালিয়েছিল। নদীতে জোয়ার থাকায় উদ্ধার সম্ভব হয়নি। পরে অন্ধকার নেমে আসায় উদ্ধার কাজ অসমাপ্ত রেখেই নদী থেকে উঠে আসতে হয়েছিল উদ্ধারকারী দলকে। মরদেহটি সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সাঙ্গু নদীতে ঝড়ের কবলে নৌকা ডুবে বালু শ্রমিক নিখোঁজ
নিখোঁজ হামিদের বড় ভাই মো. ইসমাইল বলেন, ছোট ভাই নিয়মিত ট্রাকে বালু লোড-আনলোডের কাজ করত। গত বুধবার হঠাৎ কাউকে না জানিয়ে বালু তোলার এক নৌকার মালিকের সাথে বালু তুলতে নদীতে চলে যাই। বিকেল ৩ টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় নৌকা উল্টে গেলে দুইজন বালু শ্রমিক সাঁতার কেটে নদীর তীরে উঠতে পারলেও আমার ভাই নদীতে ডুবে নিখোঁজ হয়। আজ বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে ভাইয়ের লাশ উদ্ধার করে।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এস.আই) মুমিন হোসেন বলেন, লাশের সুরতহাল শেষে প্রাথমিকভাবে বুঝা গেছে পানিতে ডুবেই ওই ব্যক্তি মারা যান। লাশের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট লাশটি হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
উল্লেখ্য, উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় সাঙ্গু নদীতে গোসলে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর গত মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মো.সোহাদী হাসান সোহাগ নামে সাড়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করে। এর আগে গত বছরের মার্চ মাসে একই এলাকার আবদুস সবুরের পাঁচ বছর বয়সী কন্যা মুনতাহা নামে এক শিশু সাঙ্গু নদীতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছিল।
