বিভিন্ন সময় হারিয়ে যাওয়ার পর থানায় করা জিডি’র প্রেক্ষিতে ২৪ টি মোবাইল ফোন উদ্ধারের পর প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ।
বুধবার (২৯ মার্চ) কোতয়ালী থানা কম্পাউন্ডে প্রকৃত মালিকদের সনাক্ত করে তাদের নিকট হারানো মোবাইল ফোন হস্তান্তর করা হয়।
জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি এন্ড ক্রাইম) শাহনেওয়াজ রাজু, বিপিএম, পিপিএম এর সার্বিক তত্বাবধানে বিভিন্ন সময় মোবাইল ফোন হারানো সংক্রান্তে থানার জিডির প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে ২৪ টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় রাঙ্গামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল।
পরবর্তীতে উদ্ধারকৃত মোবাইলগুলো কোতয়ালী থানা কম্পাউন্ডে রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ ও রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন এর উপস্থিতিতে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। এসময় মোবাইল ফোনের মালিকগণ হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
