রাঙ্গুনিয়ায় ট্রাক-সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে কাজী মো. রিফাত (২৫) নামের এক ব্যাংক কর্মকতা নিহত হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা ইকোপার্ক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রিফাত উপজেলার লালানগর ইউনিয়নের কাজী বাড়ি এলাকার মো. নুরুল কবির পুতুলের সন্তান। সে ওয়ান ব্যাংকের চন্দ্রঘোনা শাখায় জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিল বলে জানা গেছে।
জানা যায়, রিফাত তার বন্ধুদের সাথে সিএনজি অটোরিকশা যোগে কাপ্তাই যাচ্ছিলো। যাওয়ার পথে কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা ইকোপার্ক এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান রিফাত। সিএনজিতে থাকা বাকিদের সামান্য আঘাত লেগেছে।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী বলেন, “কাপ্তাই যাওয়ার পথে সিএনজির সাথে ট্রাকের সংঘর্ষে ১জন মারা গেছে। ট্রাকটি নিয়ে পালিয়েছে চালক। এটি ধরার চেষ্টা চলছে। এছাড়াও এ বিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের হবে”।
