খাগড়াছড়ির মানিকছড়িতে লাশবাহী মাইক্রোবাসের ধাক্কায় মাসাপ্রু মারমা (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) সকালে মানিকছড়ি গবামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসাপ্রু মারমা একই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে দক্ষিণ ফকিরনালা গ্রামের আবাইশে মারমা ও ম্রাচাইন্দা মারমার সন্তান।
স্থানীয়রা জানান, আজ সকাল ৯ টার দিকে মাসাপ্রু স্কুলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পার হওয়ার সময় লাশবাহী (ঢাকামেট্রো-ছ-৭১-১৬৮১) মাইক্রোবাসের নিচে পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানার উপ-পরিদর্শক মো. আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
