চট্টগ্রাম সিটি করপোরেশন অফিসে ঢুকে প্রকৌশলীকে পেটানোর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৯ জানুয়ারি) বিকেলে নগরের টাইগারপাস অস্থায়ী কার্যালয়ের চতুর্থ তলায় প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. গোলাম ইয়াজদানী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। গত বছরের ১৪ আগস্ট তাকে ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়কসমূহ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করা হয়।
সূত্রে জানা যায়, রোববার বিকেল পৌনে ৪টায় চট্টগ্রামের টাইগারপাসের অস্থায়ী প্রধান কার্যালয়ে নিজের দপ্তরে আসেন প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানী।
এ সময় প্রায় ২০ থেকে ২৫ জন ঠিকাদার অনুমতি ছাড়া তার কক্ষে ঢুকে কথা বলার এক পর্যায়ে তাকে কিল-ঘুসি মারতে থাকেন।
পরে অফিস সহকারী তিলক দে তাকে রক্ষা করতে গেলে তিনিও মারধরের শিকার হন। এ সময় ঠিকাদাররা প্রকল্প পরিচালকের নামফলক ও টেবিলের কাচ ভেঙে ফেলেন। এ সময় ঠিকাদাররা সেখান থেকে চলে যান।
এ বিষয়ে প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর জানান, রোববার বিকেলে ২০ থেকে ২৫ জন ঠিকাদার হঠাৎ কক্ষে ঢুকে মারধর শুরু করে।
এ সময় গালিগালাজও করা হয়। ভাঙচুর করা হয় কক্ষ ও বাইরের নেমপ্লেট। তার অভিযোগ, পছন্দমতো কাজ না দেওয়ায় ঠিকাদাররা এ হামলা চালিয়েছে। পরে খবর পেয়ে সেখানে আসেন, সিটি মেয়র ও পুলিশ কর্মকর্তারা।
চট্টগ্রাম নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় নয়জনের নাম উল্লেখসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
