চট্টগ্রাম বন্দরের জেটিতে প্রথমবারের মত ২০০ মিটার দৈর্ঘ্য এবং ১০ মিটার ড্রাফটের চিনিবাহী জাহাজ মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমভি কমন অ্যাটলাস এর বার্থিং হয়েছে।
পূর্বে গভীরতা কম থাকায় চট্টগ্রাম বন্দরে বেশি গভীরতার জাহাজ পণ্য নিয়ে প্রবেশ করতে না পারলেও সাম্প্রতি কর্ণফুলী নদীর মোহনা থেকে পশ্চিমে খননকাজের পর প্রশস্ত ও গভীরতা বাড়ায় বন্দরের জেটিতে বড় জাহাজ প্রবেশের সুযোগ তৈরি হয়েছে। ফলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি উপকৃত হবেন আমদানি-রপ্তানিকারকরা।
সোমবার ১৬ জানুয়ারি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চট্টগ্রাম বন্দরের সিসিটি-১ জেটিতে বেলুন উড়িয়ে এমভি কমন অ্যাটলাসের বার্থিংয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।

বন্দর সুত্রে জানা যায়, রবিবার ১৫ জানুয়ারি বিকালে ৩৬ হাজার মেট্রিক টন চিনি নিয়ে বন্দরের সিসিটি-১ জেটিতে আসে এ জাহাজটি। কর্ণফুলী নদী এবং বন্দর চ্যানেল নিয়ে জরিপ ও গবেষণা চালানো লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান এইচ আর ওয়েলিংপোর্ট তাদের প্রতিবেদনে বন্দরে বেশি গভীরতা ও দৈর্ঘ্যের জাহাজ প্রবেশের সুযোগ থাকার বিষয়টি উল্লেখ করে। এপ্রিল ২২ ইং প্রতিষ্ঠানটির পক্ষ হতে প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে ১০ মিটারের বেশি ড্রাফট এবং দুইশ মিটার দৈর্ঘ্যের জাহাজ প্রবেশের বিষয়ে সুপারিশ করা হয়।পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষ বড় জাহাজ প্রবেশ করানো বিষয়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো মোস্তফা কামাল, ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট ডিকসন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মো. আরিফ এবং জরিপ সংস্থা এইচ আর ওয়েলিংটন ফোর্ডের বাংলাদেশ প্রতিনিধি ড. মনজুরুল হক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
