সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৮ টি মামলায় ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার ঢেমশা,কেঁওচিয়া ও কালিয়াইশ ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ঢেমশা ইউনিয়নের নাপিতার চর এলাকার যান চলাচলের রাস্তায় অবৈধভাবে দখলের অপরাধে ১০ হাজার টাকা , কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকার দোকানের সামনে অতিরিক্ত জায়গা অবৈধভাবে দখলের অপরাধে ৪ টি দোকানে দন্ডবিধি ১৮৬০ আইন অনুযায়ী ৪০ হাজার টাকা এবং কেরানীহাট বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও খাবারে ক্ষতিকর রং ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩ টি দোকানে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ছরোওয়ার কামাল,পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালতের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা বলেন , জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
