বঙ্গোপসাগরের অভিযান চালিয়ে অবৈধ জালে জাটকা নিধনের দায়ে বোটের মালিকসহ ৪ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় জাটকা মাছ ও একটি বোট জব্দ করা হয়।
শুক্রবার (৬ জানুয়ারি) বঙ্গোপসাগরে আকমল আলী ঘাট, দক্ষিণ কাট্টলী ঘাট এবং গহীরা অঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক।
তিনি জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে দুইটি বোট জব্দ করা হয় এবং একটি বোটে আনুমানিক চল্লিশ কেজি জাটকা আটক করা হয়। বোটের মালিকসহ ৪ জনকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি বোট জব্দ করা হয়। বোটে মোট বিশটি বেহুন্দি জাল ও তিনটি টং জাল আটক করা হয়। জালগুলো পরবর্তীতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. জোবায়দুল কবীর, জেলা মৎস্য জরীপ কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান, বাংলাদেশ নেভী এবং বাংলাদেশ কোস্টগার্ড এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
