বগুড়া-৪ আসনের উপনির্বাচনে অংশ নিতে আশরাফুল আলম (হিরো আলম) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে গেলে মনোনয়ন ফরম বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, আরশাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার-৪ আসনের (কাহালু-নন্দীগ্রাম) উপনির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির দপ্তর সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে বনানী কার্যালয়ে যান। তাকে কার্যালয়ে দেখে মনোনয়ন ফরম বিতরণ বন্ধ করে দেয় জাতীয় পার্টি।
দলের যুগ্ম-মহাসচিব ফখরুল আহসান শাহজাদা সাংবাদিকদের বলেন, দলের বাইরে কেউ জাতীয় পার্টির মনোনয়ন ফরম নিতে পারবেন না।
হিরো আলম নিজেকে জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য দাবি করেন।
তিনি আরটিভি নিউজকে বলেন, আমি মনোনয়ন ফরম নিতে কার্যালয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুই দলে বিভক্ত হয়ে যায়। একদল মনোনয়ন ফরম দিতে চাইলেও কয়েকজন রাজি না থাকায় আমাকে মনোনয়ন ফরম দেওয়া হয়নি।
এদিকে, জাতীয় পার্টির মনোনয়ন ফরম না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন হিরো আলম।
তিনি বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এর আগে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে বড় চমক দেখান হিরো আলম। সে সময় তাকে নিয়ে তৎকালীন নির্বাচন কমিশন সচিবের মন্তব্য দেশজুড়ে আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। চার বছর পর আবারও সেই আসন থেকে উপনির্বাচন অংশ নিতে যাচ্ছেন হিরো আলম।
বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেন পদত্যাগ করায় বগুড়া-৪ আসনটি শূন্য হয়েছে।
