জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে দেশের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ নেই বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। তাৎক্ষণিকভাবে এ বিপর্যয়ের কারণ জানা যায়নি৷
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটের দিকে এ বিপর্যয় ঘটে।
গণমাধ্যমকে এ বিষয়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ ব্যবস্থাপক এ বি এম বদরুদ্দোজা সুমন বলেন, জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেয়।
এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লার আংশিক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলেও জানান তিনি।
এদিকে, ঘোড়াশাল, টঙ্গীসহ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানা গেছে।
