চট্টগ্রামের রাউজানে মোছাম্মদ আদফিয়া হোসেন রাহেজা (১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।
আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামে এই ঘটনা ঘটে।
রাহেজা একই এলাকার মো. জেবুল হোসেনের মেয়ে ও চট্টগ্রাম মহিলা কলেজের ছাত্রী। ৩ ভাই বোনের মধ্যে সে সবার বড় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে তার মা হাটহাজারী উপজেলায় বাবার বাড়িতে থাকতেন। বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে চিন্তিত ছিল সে। এর জের ধরে নিজ বসতঘরের দ্বিতীয় তলায় গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, পরিবারের অভিযোগ না থাকায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হবে।
