চট্টগ্রাম নগরীর কাট্টলী সার্কেল ভূমি অফিসে আজ দুপুরে মোঃ ইসহাক (৬৫) নামে এক ব্যক্তি প্রবেশ করেন অন্যের নামজারী করতে। তিনি ভূমি অফিসের লোক হিসেবে পরিচয় দিয়ে কয়েকগুন টাকা নেয়।
সিসি ক্যামেরা পর্যবেক্ষণে দেখা যায় তিনি অফিসের বাইরে অনেকের সাথে কথা বলে চুক্তি করে নামজারি করাতে আসলে তাকে হাতে নাতে ধরা হয়।
স্বীকারোক্তিনুযায়ী তিনি গত ৫-৭ বছর ধরে বিভিন্ন ভূমি অফিসে মানুষের নামজারি মামলা ও কোর্টের মামলা নিয়ে দালালি করেন এবং এর জন্য তিনি বেশ মোটা অঙ্কের টাকা নিয়ে থাকেন। বয়সের বিষয়টি বিবেচনা নিয়ে শাস্তিস্বরুপ তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেনা মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক চট্টগ্রাম নিউজকে বলেন, এই ব্যাক্তি প্রায় অফিসে আসেন বিভিন্ন তদবির নিয়ে। তাকে কয়েকদিন ধরে পর্যবেক্ষণ করে দেখা যায় তিনি বিভিন্ন ব্যক্তিকে ভূমি অফিসের লোক বলে নামজারী করাতে আসে।
সেবাগ্রহীতা সেজে বিভিন্ন মানুষের কাছ থেকে কয়েকগুণ বেশি টাকা নিয়ে নামজারী করাতে আসেন।তাকে আজকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি সকল কিছু স্বীকার করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান বলেন, ভূমি অফিসে কোন ধরনের দূরর্নীতি বরদাস্ত করা হবেনা। অফিসে বা অফিসের বাইরের যে কেউ হোক তাকে শাস্তি পেতেই হবে। দালালমুক্ত ভূমি সেবা দিতে এসিল্যান্ডগণ ততপর রয়েছে।
