শিক্ষার্থীদের মারধর ও হেনস্তার অভিযোগে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনারবাংলা ট্রেনকে কুমিল্লার লাকসামে অবরোধ করে আটকে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬ টায় লাকসাম জংশনে ট্রেনটি আটকে দেওয়া হয়।পরে রাত সাড়ে ৯ টায় ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা করে।
জানা যায়, পরীক্ষা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিরতিহীন সোনারবাংলা ট্রেনে উঠেন। এ সময় তারা ট্রেনের টিকিট কাটার সময় না পাওয়ায় অনেক শিক্ষার্থী বিনা টিকেটে ট্রেনে উঠে পড়েন। ট্রেনে ওঠার পর ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) তাদের কাছে টিকিট চান।
অনেকে টিকেট দেখাতে ব্যর্থ হওয়ায় জরিমানাসহ ডাবল টাকা দিতে বলেন টিটিই।এতে শিক্ষার্থীরা ক্ষুব্দ হয়ে উঠে। পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে শিক্ষার্থীদের লাকসামে জোর করে নামানোর চেষ্টা করেন টিটিই। এসময় পুলিশ ও আনসার সদস্যদের সাহায্যে শিক্ষার্থীদের লাকসাম স্টেশনে নামিয়ে দিলে শিক্ষার্থীরা ওই ট্রেনের সামনে রেললাইনে বসে ও শুয়ে পড়েন।
ঘটনার বিষয়ে স্টেশন মাস্টার শাহাবুদ্দিন জানান, ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করা শিক্ষার্থীদের ভাড়া আদায় করতে গেলে সংঘর্ষের এক পর্যায়ে তারা ট্রেনটি আটকে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে লাকসাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন, রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন।
