চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ২ সদস্যকে রেলের টিকিট কালোবাজারে বিক্রির সময় আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার (৪ জুলাই) তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান।
তিনি বলেন, রোববার (৩ জুলাই) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রির সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়েছে। তারা ঈদ যাত্রার টিকিট কালোবাজারে বিক্রি করছিল।
এ সময় র্যাব তাদের হাতেনাতে আটক করে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে প্রতিদিন ১০টি আন্তঃনগর ট্রেনে মোট ৭ হাজার সিট রয়েছে। এগুলোর মধ্যে কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে ৩ হাজার ৫০০ টিকিট। বাকি টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
এছাড়া ঈদ উপলক্ষে চাঁদপুরগামী দুটি বিশেষ ট্রেনের টিকিটও বিক্রি করা হচ্ছে।
