চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার (১৪ জুন) নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে সদরঘাট রোডে পরিচালিত অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায় এবং জনগণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে রাজস্ব সার্কেল-১ এর আওতাধীন নাসিরাবাদস্থ চিটাগাং শপিং কমপ্লেক্সে পরিচালিত অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৪৩ হাজার, আয়কর বাবদ ৩০ হাজার ও ভ্যাট বাবদ ৬ হাজার ৪ শত ৪৯ টাকা আদায় করা হয়।
এই সময় ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার দায়ে ৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই আদালত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মোকদ্দমায় ৩ ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়ের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।
