নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্ট শ্রমিকরা। এ সময় তারা দুটি বাস ভাঙচুর করেন।
আজ রোববার (৫ জুন) সকাল থেকে সড়কে অবস্থান নিয়েছেন তারা। এ সময় ওই এলাকার সড়কে তীব্র যানজট দেখা দেয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে ১৫০ জনেরও বেশি শ্রমিক মিরপুর ১০ নম্বর গোল চত্বর, ১৩ ও ১৪ নম্বর কচুক্ষেত মিলি সুপার মার্কেটের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
এ সময় অন্য গার্মেন্টসের শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেয়। এ সময় উত্তেজিত শ্রমিকরা পূরবী সিনেমা হলের সামনে দুটি বাস ভাঙচুর করে।
বিক্ষোভকারীদের অভিযোগ, চাল, তেল, চিনি, ডালসহ বিভিন্ন জিনিসের দাম বাড়ছে। অথচ তাদের বেতন বাড়েনি। নিত্যপত্রের দাম না কমলে তাদের বেতনও বাড়াতে হবে, না হলে এই আন্দোলন চলবে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।
