কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার এলাকায় র্যাব-১৫ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ মোঃ ছব্বির আহম্মেদ নামের এক যুবককে গ্রেফতার করেছে।
শুক্রবার রাত ৩ টার দিকে কোর্টবাজার এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় কালে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত যুবক হলেন, হলদিয়াপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম বড়বিল এলাকার মৃত মোজাহের মিয়া ছেলে ছব্বির আহম্মেদ (৪৫)।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন শুক্রবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, র্যাব-১৫, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী উখিয়া থানাধীন কোর্টবাজার এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়/অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর আভিযানিক দল শুক্রবার রাত আনুমানিক ৩ টার দিকে উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করে।
এসময় মোঃ ছব্বির আহম্মেদকে গ্রেফতার করা হলেও নূরুল ইসলাম প্রকাশ মুনিয়া (২৫) নামের আরেকজন পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে ১লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধৃত ও পলাতক আসামী পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ সীমান্ত এলাকা হতে কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে উল্লেখিত স্থানে অবস্থান করছিল মর্মে ধৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
