চট্টগ্রামে চালের দাম বৃদ্ধি ঠেকাতে খাতুনগঞ্জ-চাক্তাই চালের আড়তে চট্টগ্রাম জেলা প্রশাসনের নিয়মিত অভিযানে ৭ আড়তদারকে অর্থদণ্ড ও একটি আড়তে সিলগালা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ (২ জুন) বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুকের এর নেতৃত্বে খাতুনগঞ্জ-চাক্তাই চালের আড়ত ও বন্দর মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের উপস্থিত ছিলেন।
জানা যায়, এস এ, ট্রেডাস কে ৫ হাজার টাকা, সাদ এন্টার প্রাইজকে ৫ হাজার টাকা, বাগদাদ রাইচ এজেন্সীকে ২ হাজার টাকা, আল্লাহর দান চাউল ভান্ডারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও সীলগালা করা হয়।

বন্দর মার্কেট এলাকার গরীবে নেওয়াজ এন্টার প্রাইজকে ৫ হাজার টাকা, হাশেম ব্রাদাসকে এক হাজার টাকা, মেসার্স হাজী অহিদুর রহমানকে এক হাজার অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক চট্টগ্রাম নিউজকে বলেন, কিছু অসাধু ব্যবসায়ী চালের দাম বৃদ্ধি ও অতিরিক্ত চাল মজুদ করে বাজার অস্থিতিশীল করায় অভিযান পরিচালনা করেছি।
কিছু ক্ষেত্রে দেখা যায় চাল মজুদ করার লাইসেন্সে উল্লখিত পরিমাণের বাইরে চাল মজুদ করছিল তাদের অর্থদণ্ড করা হয়েছে ও মুচলেকা নেয়া হয়েছে পাশাপাশি একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।

