চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজি অটোরিকশার ভাড়া বাড়িয়েছে গোডাউন সিএনজি অটোরিকশা চালক সমিতি কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কারোরই সাথে কোনোরকম সমন্বয় না করেই আগের চেয়েও ২টাকা ভাড়া বাড়িয়েছে তাঁরা।
সঙ্গত কারণে সড়কে ভাড়া বাড়ানোর প্রয়োজন পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও বাজার কমিটিসহ সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করা বাধ্যতামূলক হলেও কোনোরকম সমন্বয় না করেই গত রবিবার (২৯ মে) এই বাড়তি ভাড়া নির্ধারণ করেছে তাঁরা।
এখন ২টাকা করে ভাড়া বেড়ে গোডাউন সিএনজি স্টেশন থেকে ক্ষেত্রবাজারের ভাড়া ৭টাকা ও ছনাগাজীর ভাড়া ১২ টাকা নির্ধারণ করেছে গোডাউন সিএনজি অটোরিকশা চালক সমিতি কর্তৃপক্ষ।
এর আগে গোডাউন সিএনজি স্টেশন থেকে ক্ষেত্রবাজারের ভাড়া ছিল ৫টাকা ও ছনাগাজীর ভাড়া ছিল ১০টাকা।
আজ প্রায় ৪দিন ধরে চলমান সিএনজি অটোরিকশা সমিতির এই বাড়তি ভাড়া আদায়কে স্থানীয় সচেতন যাত্রীদের মধ্যে অনেকেই এটিকে সড়কে নৈরাজ্য চলছে বলে মন্তব্য করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সরফভাটা ক্ষেত্রবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান বলেন, “আমি এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে স্থানীয়রা তাদের ভোগান্তির নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন”।
মোহাম্মদ হাসানের সেই পোস্ট দেখা যায়, এতে সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরীও প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
সেখানে তিনি জানিয়েছিলেন, “ভাড়া বাড়ার বিষয়ে আমি কিছুই জানি না কেউ আমার নাম বললে তথ্য প্রমাণ দেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরফভাটা বাসীর প্রতি আহবান বাড়তি ভাড়া না দেওয়া, অভিযোগ পাইলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সহায়তা করা হবে”।
কোনোরকম সমন্বয় ছাড়াই হুট করে ২টাকা ভাড়া বাড়ানো হলো অথচ অনেক সময় ২টাকা ভাংতি থাকেনা এ নিয়ে অনেক সময় চালকদের সাথে বাকবিতণ্ডা হয় যাত্রীদের। এছাড়াও গোডাউন ও ক্ষেত্রবাজারের যানজটের ভোগান্তি তো বলার অপেক্ষা রাখেনা।
অটোরিকশা চালক সমিতি যানজট নিরসন করে যাত্রীদের যে সেবা দিবে তা নয় উল্টো হুট করে ভাড়া বাড়িয়েছে। এটি অবশ্যই সড়কে নৈরাজ্যের মতোই, অভিযোগ যাত্রীদের।
এ বিষয়ে জানতে চাইলে গোডাউন সিএনজি অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক ইমরান বলেন, “দ্রব্যমূল্যের দাম বেড়েছে। এখন সবকিছুর দাম বাড়তি, এককাপ চায়ের দাম ৭টাকা। সেক্ষেত্রে আমরা ভাড়া ২টাকা বাড়িয়েছি।
এ বিষয়ে ইউএনও এবং স্থানীয় চেয়ারম্যানের সাথে সমন্বয়ের প্রসঙ্গে জানতে চাইলে বলেন, মাত্র ২টাকা বাড়িয়েছি তাই সমন্বয় করিনি আমরা।
তাছাড়া আগে ভাড়া কম হওয়ায় পরের স্টেশন থেকে যাত্রী নিতে যানজট সৃষ্টি হতো। এখন ভাড়া বাড়তি হওয়ায় যাত্রী না নিয়েই খালিও ফিরে আসতে পারে চালকরা এতে করে যানজট কমে আসছে। এটি অবশ্যই মানবতার সেবা”।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানী বলেন, “এ বিষয়ে আমার জানা ছিলোনা, কেউ অভিযোগ করেনি। এখন জেনেছি তবে ভাড়া ১টাকা হোক আর ২টাকা হোক বাড়াতে হলেই সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে বৈঠকে সমন্বয় করেই করতে হবে। বিষয়টি দেখছি, আমি তাদের সাথে কথা বলে ব্যবস্থা নিবো”।
