চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়ায় সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে থেকে দুই হাজার পিস ইয়াবাসহ হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মে) দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাসান কক্সবাজারের দক্ষিণ কুতুবদিয়া পাড়ার মোহাম্মদ ছিদ্দিকের ছেলে।
চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, বাসের যাত্রী সেজে পায়ের স্যান্ডেলের তলায় লুকিয়ে ইয়াবা পাচার করার গোপন তথ্য ছিল।
তথ্যানুযায়ী ওই যুবককে আটক করে পায়ের স্যান্ডেলের তলায় বিশেষ কৌশলে লুকানো দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
