চট্টগ্রাম বন্দরে ২০১৫ সালে কোকেন জব্দের ঘটনায় চোরাচালান ও মাদক আইনে দায়ের করা দুই মামলায় আদালতে একজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আদালত আগামী ২৯ জুন দিন ধার্য করেছেন।
আজ মঙ্গলবার (১০ মে) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালতে এ সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী।
তিনি বলেন, কোকেন জব্দের ঘটনায় চোরাচালান ও মাদক আইনে দায়ের হওয়া দুটি মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল আজ। দুই মামলাতেই অনুবাদকারক রতন কর্মকার সাক্ষ্য দিয়েছেন।
এই মামলার আসামি মোস্তফা অনুবাদকারক রতন কর্মকারকে এই চালানের একটি স্প্যানিশ ভাষার ডকুমেন্ট থেকে ইংরেজি অনুবাদ করার জন্য দিয়েছিলেন। তিনি সেই বিষয়ে আজ আদালতে সাক্ষ্য দেন।
মাদক মামলায় এখন পর্যন্ত ২৬ জন ও চোরাচালান মামলায় ৪ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।
রাষ্ট্রপক্ষে শুনানিতে মহানগর পাবলিক প্রসিকিউটরকে সহযোগিতা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নোমান চৌধুরী, অ্যাডভোকেট সাব্বির আহমেদ শাকিল ও অ্যাডভোকেট মোহা. সাহাব উদ্দিন।
