“বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে যক্ষা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪মার্চ) সকালে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের এসে শেষ হয়।
পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যলয়ের নিজস্ব হল রুমে সংলিপ্তকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ভারপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন ডা. বিনোদ শেখর চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশা খীসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বক্ষব্যাধি ক্লিনিকের ভারপ্রাপ্ত জুনিয়র কনটাক্টেশন ডা. সুশোভন দেওয়ান, ডা. কেতি চাকমা, নাটাব এর সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান মজুমদারসহ সংশ্লিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় সিভিল সার্জন ডা: বিপাশ খীসা বলেন, যক্ষ্মা রোগী যেখানে থাকুক না কেন তাদেরকে যদি আমরা ধরতে পারি, চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারি তাহলে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। তিনি বলেন, যক্ষ্মা দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে যক্ষ্মা রোগ সম্পর্কে জনগনকে সচেতন করা, অর্থাৎ যক্ষা রোগ কি, এটি কিভাবে হয়, কোথা থেকে হয়, এর লক্ষণগুলো কি এবং এর চিকিৎসা কোথায় হয় ও কিভাবে নিতে হবে ইত্যাদি সম্পর্কে অবহিত করা। তিনি এসময় আরো বলেন, যক্ষ্মা দিবস হিসেবে শুধু মার্চের ২৪ তারিখে নয়, বছরের প্রতিটি দিন যদি মানুষ যক্ষ্মা সম্পর্কে সচেতন থাকে তাহলে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।
