চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই দিনে পৃথক পৃথক স্থানে ২ জনের আত্মহত্যার ঘটনা ঘটে।
বুধবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের এডভোকেট নিজাম উদ্দিনের ভাড়া বাসা থেকে গৃহবধূ নিলুফা ইয়াসমিন কলি (৩১)’র লাশ উদ্ধার করে করেছে পুলিশ।
সে স্থানীয় মোঃ ফারুকের স্ত্রী। ধারণা করা হচ্ছে ৬ মাস বয়সি পুত্র সন্তানের মৃত্যু শোক সইতে না পেরে গৃহবধূ কলি ওইদিন ভোররাত ৪টা থেকে ৬ টার মধ্যে পরিবারের অজান্তে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
ঋণের বোঝা সইতে না পেরে সীতাকুণ্ডে ব্যবসায়ীর আত্মহত্যা
এদিকে মঙ্গলবার সকালে একই ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামে নিজবাড়ির পিছন থেকে মো. হাসান (৪০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরিবার ও স্থানীয়দের ধারণা ঋণের কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পরিবারের অজান্তে বাড়ির পিছনে পুকুর পাড়ে গাছের ডালে ফাঁস খেয়ে আত্মহত্যা করেন। তিনি গোলাবাড়িয়া গ্রামের মৃত আবু তাহেরের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়।
