চট্টগ্রামে বৈদেশিক ডাকে গৃহস্থালী পণ্যের আড়ালে আসা দুটি পিস্তল ও ৬০ রাউন্ড গুলি উদ্ধারের মামলায় গ্রেপ্তার মজুমদার কামরুল হাসানকে ফের একদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তার কামরুল হাসান চট্টগ্রাম কর অঞ্চল-১-এর অফিস সহায়ক ছিলেন।
বুধবার (১৬ মার্চ) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তার দুই দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব একদিনের রিমান্ড আদেশ দেন।
আজ (১৭ মার্চ) বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব বিষয়টি নিশ্চিত করছেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত তাকে ৩ দিনের রিমান্ড দিয়েছিলেন।
কাস্টমস সূত্রে জানা গেছে, ইতালি থেকে রাজীব বড়ুয়া নামের এক ব্যক্তি বৈদেশিক ডাকে একটি পার্সেল পাঠান। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমসের প্রিভেন্টিভ শাখা জানতে পারে, পার্সেলের প্যাকেটে অবৈধ বস্তু রয়েছে। পরে অভিযান চালিয়ে প্যাকেট খুলে তাতে কিছু গৃহস্থালি পণ্যের সঙ্গে কাগজে মোড়ানো দুইটি পিস্তল ও ৬০ রাউন্ড কার্তুজ পাওয়া যায়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, পিস্তল দুটি ইতালির তৈরি। একটি পিস্তলের গায়ে জিএপিকেএএল ৮এমএমকে লেখা আর ওজন লেখা ছিল ৯৪০ গ্রাম। আরেকটির গায়ে লেখা ৬এমএম বি বেরেটা পিএক্স৪ স্টর্ন।
