মাঠে লবণ উৎপাদন হতে না হতেই দরপতন শুরু হয়েছে। সিন্ডিকেটের কারণে সপ্তাহের ব্যবধানে মাঠ পর্যায়ে দাম কমেছে প্রায় সাড়ে ৩০০ টাকা। অথচ ৮০ কেজির বস্তা লবণের দাম ছিল ৮০০ টাকা। এই ধারা অব্যাহত থাকলে দেশীয় লবণশিল্প ধ্বংস হয়ে যাবে। মাঠে মার খাবে চাষীরা। দেশের সম্ভাবনাময় এই খাতকে বাঁচাতে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন চাষীরা।
এবিষয়ে মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেছেন কক্সবাজার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। লিখিত বক্তব্য রাখেন সংগঠনটির সমন্বয়ক এডভোকেট শহীদুল্লাহ্।
তিনি বলেন, চলতি মৌসুমে প্রাকৃতিক পরিবেশ অনুকুলে থাকায় দেশীয় উৎপাদিত লবণ দেশের মানুষের চাহিদা মেটাতে সক্ষম হওয়ায় কিছু অসাধু মিল মালিক বিদেশী লবণ আমদানিতে ব্যর্থ হয়ে সিন্ডিকেট করে চাষিদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছে। তারা চাষীদের লবণ চাষে অনুৎসাহিত করে বিদেশী লবণের উপর দেশকে নির্ভরশীল করার ষড়যন্ত্রে লিপ্ত।
লবণচাষীদের তথ্য হলো, একজন লবণ চাষী ৩ কানি জমিতে চাষ করতে সক্ষম। সেই অনুপাতে গেলো বছর লবণ মাঠের মূল্য প্রতি কানি ১৮ হাজার টাকা হিসাবে ৩ কানিতে ৫৪ হাজার টাকা লাগিয়ত মূল্য দিতে হয়। পানি দেয়ার জন্য মেশিনের জ্বালানি খরচ পড়েছে কানি প্রতি ২ হাজার ৫০০ টাকা করে ৩ কানিতে ৭ হাজার ৫০০ টাকা। পলিথিন বাবদ প্রতিকেজি ৭০ টাকা হিসাবে (প্রতিকানিতে ৬৫ পাউন্ড) প্রতিকানিতে ৪ হাজার ৫৫০ টাকা করে ৩ কানিতে ১৩ হাজার ৬৫০ টাকা এবং খাওয়া-দাওয়া বেতন বাবদ ২০ হাজার টাকা। এক মৌসুমে (৫ মাসে) এক লাখ টাকা মতো শ্রমিক খরচ পড়ে।
সেই হিসাবে ৩ কানি জমিতে উৎপাদন খরচ পড়ে ১ লাখ ৭৫ হাজার ১৫০ টাকা। প্রতি কানিতে সর্বোচ্চ ২৫০ মণ হিসেবে ৩ কানি লবণ উৎপাদন হয় ৭৫০ মণ। সুতরাং, প্রতি মণে উৎপাদন খরচ পড়ে প্রায় ২৩৪ টাকা। মণ প্রতি লেবার চার্জ ও ইউপি ট্যাক্স ৩৩ টাকা, তার সাথে মণপ্র্রতি ঢাকার বোট ভাড়া ৫০ টাকা যোগ হলে লবণের উৎপাদন মূল্য দাঁড়ায় মণপ্রতি ৩১৭ টাকা।
লবণের মূল্য ২৫০ টাকা হলে প্রতিমণ লবণে চাষীদের উৎপাদন ঘাটতি হয় ৬৭ টাকা। ৩ কানি জমিতে ৭৫০ মণ লবণের ঘাটতি (একজন চাষার ক্ষতি) ৫০ হাজার ২৫০ টাকা।
এই ক্ষতি পোষাতে না পেরে চাষীরা যে কোন মুহূর্তে মাঠ ছেড়ে চলে যেতে পারেন।
কক্সবাজার ও বাঁশখালীর কিছু অংশ নিয়ে প্রায় ৫৭ হাজার ২৭০ একর জমিতে অন্তত ৫৫ হাজার লোক লবণ চাষে জড়িত। এছাড়া লবণের উপর বিভিন্ন ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন অন্তত ৮০ শতাংশ মানুষ। ফলে দেশীয় লবণ শিল্প ধ্বংস হলে বেকার হবে হাজারো মানুষ, যাদের বিকল্প পেশা নেই।
এখানে উল্লেখ করা দরকার, দেশীয় লবণের মূল্য সিন্ডিকেটের মাধ্যমে কমিয়ে রাখলেও মিল মালিকদের ভোজ্য সল্ট (খাবার লবণ) প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকা বাজার মূল্য রাখা হয়। দেশীয় লবণ চাষীদের কাছ থেকে কম মূল্যে কিনলেও খাবার লবণের কোন মূল্য কখনোই কম রাখা হয় না।
প্রতি কেজি লবণের মূল্য ১০ টাকা হলে ন্যায্যমূল্য পাওয়ার সম্ভাবনা আছে মর্মে প্রস্তাব উত্থাপন করেছিল জেলা প্রশাসন। কিন্তু সিন্ডিকেটের চাপের কারণে প্রস্তাবনা কার্যকর হয়নি।
প্রধানমন্ত্রী, শিল্প মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগীরা জানান, লবণ নীতি অনুসরণ করে দেশীয় লবণের ন্যায্যমূল্য নির্ধারণপূর্বক দেশীয় শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে।
অসাধু সিন্ডিকেটের দেশবিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্র নস্যাৎ করে ৫৫ হাজার চাষীকে রক্ষায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের পক্ষে মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, কলিম উল্লাহ কলি, সোয়াইবুল ইসলাম সবুজ ও ইউসুফ বদরীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
তারা বলেন, ফেব্রুয়ারীতে ব্যবসায়ীরা যে দামে লবণ কিনে প্যাকেটে বাজারজাত করেছিল এখন অর্ধেক কম দামে কিনেও প্যাকেট লবণের দাম একই। এসিআই, মোল্লা, ফ্রেশ, সিটি এই চারটি কোম্পানির সিন্ডিকেটের কারণে লবণের ক্ষতি হচ্ছে।
