নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় তার কাছ থেকে ১২টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার হায়দ্রাবাদ এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, বায়েজিদ বোস্তামী থানার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাজিনগর এলাকায় লোকমান হোসেন তার বসতঘরের টিনের চালের ওপর প্লাস্টিকের টবে গোপনে গাঁজা গাছ চাষ করছেন।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে লোকমান হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার বসতঘরের টিনের চালে রাখা দুটি প্লাস্টিকের টবে তল্লাশি চালিয়ে প্রতিটিতে ছয়টি করে মোট ১২টি গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
