চট্টগ্রাম নগরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই হওয়া দুটি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) নগরের আকবরশাহ থানার ইস্পাহানী সি গেট ও পাহাড়তলী থানার নতুনপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, তাকবির হোসেন রিয়াদ (২৫), নুরুন্নবী (২২), রাকিব হোসেন (২৪) ও ইউনুস হৃদয় প্রকাশ বড় বাচা (৪৮)।
তারা সবাই আকবরশাহ থানার একটি চুরি মামলার এজাহারভুক্ত আসামি।
আকবরশাহ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল হোসেন জানান, গ্রেপ্তার চারজন একটি পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য।
অভিযানের সময় তাদের দখল থেকে চোরাইকৃত দুটি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়। আকবরশাহ থানার মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
