অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উৎপাদনের তারিখ ও মেয়াদ সংক্রান্ত তথ্য প্রদর্শনে ব্যর্থতা এবং খাদ্য নিরাপত্তা বিধিমালা লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম নগরের টেক্সটাইল মোড় এলাকায় অবস্থিত মধুবন বেকারি কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম জানান, অভিযানে দেখা যায় কেক, পেস্ট্রি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করা হচ্ছে। অনেক পণ্যের উৎপাদনের তারিখ ও মেয়াদ সংক্রান্ত তথ্য যথাযথভাবে সংরক্ষণ বা প্রদর্শন করা হয়নি।
এছাড়া খাদ্য প্রস্তুতের স্থানে ব্যাপক অপরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়।
অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নগরের খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
